ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

করোনা পরিস্থিতি : ভারতে বাড়ছে সুস্থতার হার, কমেছে সংক্রমণ-মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ এশিয়ার ঘনবসতিপূর্ণ দেশ ভারতে দৈনিক মৃত্যুর সংখ্যা সাড়ে তিনশতে নেমে এসেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে প্রাণঘাতী ভাইরাসে নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও। এছাড়া টানা কয়েকদিনের ধারাবাহিকতা ভেঙে গেল ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি লোক। ফলে দেশটিতে বাড়ল সুস্থতার হার, কমেছে সক্রিয় রোগীও।


মঙ্গলবার (৩১ আগস্ট) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৯৪১ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী সংখ্যা কমেছে ১২ হাজারের বেশি। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা তিন কোটি ২৭ লাখ ৬৮ হাজারের বেশি দাঁড়িয়েছে।


অপর দিকে সোমবারের তুলনায় মঙ্গলবার ভারতে প্রাণহানির সংখ্যা আরও কমেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩৫০ জন। অর্থাৎ গত এক দিনে মৃত্যু কমেছে ৩০ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩৮ হাজার ৫৬০ জন।


এ দিকে দৈনিক সুস্থতা ও সংক্রমণের ক্ষেত্রে মঙ্গলবার ভারতে স্বাভাবিক চিত্র ফিরে এসেছে। অর্থাৎ সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া মানুষের তুলনায় সুস্থ হয়েছেন বেশি মানুষ। ফলে টানা কয়েকদিনের ধারাবাহিকতা ভেঙে মঙ্গলবার দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে।


গত একদিনে ভারতে সুস্থ হয়েছেন বা হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৩৬ হাজার ২৭৫ জন মানুষ। অন্য দিকে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ৩১ হাজার। ফলে দেশটিতে মোট সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৭০ হাজার ৬৪০ জনে।


ভারতের মোট শনাক্ত রোগীর ১ দশমিক ১৩ শতাংশ বর্তমানে সক্রিয় রোগী। সোমবারের তুলনায় মঙ্গলবার এই হার কমেছে। এ দিকে গেল এক দিনে ঘনবসতিপূর্ণ দেশটিতে সুস্থতার হার কিছুটা বেড়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। অন্য দিকে নির্ধারিত এই সময়ের মধ্যে ভারতে দৈনিক সংক্রমণের হার আরও বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ২২ শতাংশ।


ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, আগস্ট মাসের ৩০ তারিখ পর্যন্ত ভারতে মোট ৫২ কোটি ১৫ লাখ ৪১ হাজার ৯৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ লাখ ৯৪ হাজার ৫৭৩ জনের।

ads
ads
ads

Our Facebook Page

↑